ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সরবরাহের জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।
তিনি বলেন, এতে সহযোগিতার ক্ষেত্র, পারস্পরিক স্বার্থের বিষয় এবং দুই দেশের জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে খুব শক্তিশালী বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ একটি দিক। দুই দেশের মধ্যে এরই মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন রয়েছে। কীভাবে জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #















