বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৭ বছর পর ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) থেকে নিজেদের সব শান্তিরক্ষী সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসার কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি রামাফোসা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর বর্তমান সম্পদ ও জনবলকে নতুন করে সাজানোর (পুনর্বিন্যাস) প্রয়োজন হয়ে পড়েছে। মূলত নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিতেই এই বিশাল সৈন্যদল ফিরিয়ে নেওয়া হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা গত ২৭ বছর ধরে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বড় সঙ্গী হিসেবে কাজ করছে।
বর্তমানে সেখানে দেশটির ৭০০-এর বেশি সৈন্য মোতায়েন রয়েছে। কঙ্গোর অশান্ত পূর্বাঞ্চলে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই বাহিনীর মূল দায়িত্ব।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা হুট করে সেনা সরাবে না।
জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হবে। আশা করা হচ্ছে, ২০২৬ সালের শেষের আগেই এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
সৈন্য সরিয়ে নিলেও দক্ষিণ আফ্রিকা কঙ্গোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। কঙ্গোতে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে দেশটি অন্যান্য কূটনৈতিক ও বহুপক্ষীয় প্রচেষ্টায় সমর্থন দিয়ে যাবে বলে জানানো হয়েছে। #















