BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি জনস্রোতের অপেক্ষা

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি জনস্রোতের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই সফরকে ঘিরে ইতোমধ্যে নগরীজুড়ে প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

জনসভাস্থল প্রস্তুতের পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দলীয় প্রধানের দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে রাজশাহীসহ নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট তিন জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভায় তিন লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা।

বুধবার দুপুরে মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে বিএনপির নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলটির সিনিয়র নেতা মিজানুর রহমান মিনু জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন।

সেখান থেকে সরাসরি সড়কপথে জনসভাস্থলে গিয়ে তিনি সভায় যোগ দেবেন। দুপুর পৌনে ২টার দিকে তিনি বক্তব্য শুরু করবেন। পরে একই দিনে নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় আরও দুটি নির্বাচনি সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি আসনের প্রার্থী ও বিপুলসংখ্যক ভোটার এই জনসভায় অংশ নেবেন। রাজশাহী বিএনপির শক্ত ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, এখানকার মানুষ ঐতিহ্যগতভাবে ‘ধানের শীষ’-এর পক্ষে। বিজয়ের প্রত্যাশা নিয়েই আমরা মাঠে নামছি।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন। জনসভা সফল করতে সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় নেতারা মনে করছেন, এই সমাবেশ রাজশাহী অঞ্চলে বিএনপির নির্বাচনি কার্যক্রমে নতুন গতি আনবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।

বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, প্রায় দুই দশকেরও বেশি সময় আগে, ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় তারেক রহমান রাজশাহী সফর করেছিলেন। এরপর দীর্ঘদিন আর আসা হয়নি। তাই এই সফর নেতাকর্মীদের জন্য অত্যন্ত আবেগঘন ও গুরুত্বপূর্ণ।

স্থানীয় নেতারা বলছেন, জনসভায় তারেক রহমান রাজশাহীর পদ্মা নদী, বরেন্দ্র অঞ্চলের পানি সংকট, সিল্ক শিল্পসহ কৃষি ও মৎস্য খাত নিয়ে তাঁর ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরতে পারেন।

এদিকে জনসভাকে ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার ও মুখপাত্র গাজীউর রহমান জানান, বিএনপির শীর্ষ নেতার সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ