BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হুমকির কাছে নতি স্বীকার করব না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হুমকির কাছে নতি স্বীকার করব না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হুমকির কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকের পূর্বে তিনি এ কথা বলেন।

রয়টার্সের খবরে বলা হয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনসহ মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে সম্ভাব্য সংঘাত এড়ানোর লক্ষ্যেই যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা।

এর আগে, চলতি মাসের শুরুতে উভয়পক্ষ ওমানে পরোক্ষভাবে আলোচনা করেছে।

আরাঘচি সামাজিকমাধ্যম এক্সে বলেছেন, একটি ন্যায্য ও যুক্তিসংগত চুক্তির জন্য বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় আছি। হুমকির কাছে নতি স্বীকার করব না।

তেহরান বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা কেবল পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা নিয়েই আলোচনা করতে ইচ্ছুক, তবে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেবে না।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি ইঙ্গিত দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে সমঝোতায় প্রস্তুত।

বিবিসিকে তিনি বলেন, চুক্তি করতে আমরা সত্যিই আগ্রহী, আর এটি প্রমাণ করার দায়িত্ব এখন আমেরিকার।

তবে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের সম্ভাবনার প্রস্তুতি নিচ্ছে তারা।

অপরদিকে, পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ নামে একটি নৌ মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

সোমবার আইআরজিসি নৌবাহিনী প্রধান কমান্ডার মেজর জেনারেল পাকপুরের তত্ত্বাবধানে এই মহড়া উদ্বোধন করা হয়। হরমুজ প্রণালিতে ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়ায় সম্ভাব্য হুমকির জবাবে পারস্পরিক সামরিক পদক্ষেপের বিভিন্ন পরিস্থিতি যাচাই করা হচ্ছে।

আলোচনায় ওয়াশিংটনের মূল দাবি, তেহরানকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিত্যাগ করতে হবে। যুক্তরাষ্ট্রের মতে, সমৃদ্ধকরণ কর্মসূচি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ তৈরি করতে পারে। এই ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত হয়ে যায়।

ইরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে সমৃদ্ধকরণ করা হয়েছে এবং থাকবে। তারা এই ‘বিশ্বাস গড়ে তুলতে’ প্রস্তুত যে, পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই থাকবে।

আরাঘচি জানিয়েছেন, তিনি সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়ে ‘গভীর প্রযুক্তিগত আলোচনার জন্য’ পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করার জন্য জেনেভায় পৌঁছেছেন।

গত জুনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর তাদের ৪৪০ কেজি (৯৭০ পাউন্ড) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কী হয়েছে সে বিষয়ে জানাতে আইএইএ কয়েক মাস ধরে ইরানের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

একই সঙ্গে সংস্থাটি পারমাণবিক কার্যক্রম মূল্যায়ন এবং তদারকি পুনরায় শুরুর অনুমতি চাইছে, বিশেষ করে গত জুনে বোমা হামলার শিকার তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহার কি অবস্থা সেটি জানতে চায় সংস্থাটি।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো মার্কিন চুক্তিতে কেবল পারমাণবিক সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করা নয়; বরং ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে ফেলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে—এমন বিষয়ে গত সপ্তাহে নিশ্চয়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে।

নেতানিয়াহু বলেন, তিনি চুক্তি নিয়ে সন্দিহান। তবে যদি চুক্তি হয়, তাহলে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নিতে হবে। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের কোনো সক্ষমতা থাকবে না। চুক্তিতে শুধু প্রক্রিয়া বন্ধ করাই নয়, বরং যে যন্ত্রপাতি ও অবকাঠামো পারমাণবিক সমৃদ্ধকরণের সহায়তা করে সেগুলোও ভেঙে ফেলতে হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ