বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিয়েলসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাঠাতে চাওয়া হাসপাতাল জাহাজের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।
স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, ‘লুইজিয়ানার দুর্দান্ত গভর্নর জেফ ল্যান্ড্রির সাথে কাজ করে, আমরা গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠাতে যাচ্ছি। যারা অসুস্থ এবং সেখানে যাদের যত্ন নেয়া হচ্ছে না তাদের যত্ন নেয়ার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। এটি প্রায় চলে আসার পথে।’
তবে ট্রাম্পের এ পরিকল্পনার প্রত্যাখ্যান করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে নিয়েলসেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ডে একটি মার্কিন হাসপাতাল জাহাজ পাঠানোর পরিকল্পনা আমরা অবগত হয়েছি। আমাদের পক্ষ থেকে উত্তর হলো—লাগবে না, ধন্যবাদ। গ্রিনল্যান্ডে সব নাগরিকের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে।’
তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড সংলাপ ও সহযোগিতার জন্য উন্মুক্ত— এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও। কিন্তু সামাজিক মাধ্যমে এলোমেলো মন্তব্য করার বদলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই বিশাল আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার আগ্রহ দেখিয়ে আসছেন। প্রয়োজনে এটি দখল করারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে জানুয়ারিতে ট্রাম্প বলেন, তিনি জোর করে এটি দখল করবেন না।
ন্যাটো প্রতিরক্ষা জোটের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর, পরিস্থিতি সমাধানের জন্য গত মাসের শেষের দিকে গ্রিনল্যান্ড, ডেনমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করেছে।
ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রিনল্যান্ডের রাজধানী নুউক থেকে সাত নটিক্যাল মাইল দূরে গ্রিনল্যান্ডের জলসীমায় একটি মার্কিন সাবমেরিন থেকে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন একজন ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে। #















