বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পণ্যবাহী জাহাজকে নিজেদের দখলে নিল আমেরিকা ৷ রবিবার যুক্তরাষ্ট্র দাবি করে, জাহাজটি হরমুজ প্রণালীর কাছে তাদের নৌ-অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল।
এর জবাবে ইরানের যৌথ সামরিক কমান্ড পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে ৷ যা কার্যত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগেই সেটির ভবিষ্যৎকে ফের অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।
সোশাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ ইরানি পতাকাবাহী জাহাজ ‘তুস্কা’-কে থামার জন্য সতর্ক করেছিল ৷
কিন্তু জাহাজটি না থামায় মার্কিন ডেস্ট্রয়ারটি সেটির ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে একটি ছিদ্র তৈরি করে এবং জাহাজটিকে ঠিক যে অবস্থায় ছিল, সেখানেই থামিয়ে দেয়। বর্তমানে মার্কিন মেরিন সেনারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত ওই জাহাজটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে এবং তারা জাহাজের ভেতরে কী আছে, তা খতিয়ে দেখছে ৷”
এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অবশ্য সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেয়নি ৷ কেবল জানিয়েছে যে, তাদের ডেস্ট্রয়ার জাহাজটি টানা ছয় ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দিয়েছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার ইরানি জাহাজ আটক করার একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, মার্কিন মেরিন সেনারা হেলিকপ্টারে করে জাহাজ ইউএসএস ত্রিপোলি (এলএইচএ 7) থেকে নেমে আরব সাগরের উপর দিয়ে ইরানি জাহাজ এম/ভি তুসকা-তে আরোহণ ও সেটিকে দখল করতে যাচ্ছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের পোস্টে বলেছে, “ছয় ঘণ্টা ধরে মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা বাণিজ্যিক জাহাজটি না মানায় গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স (ডিডিজি 111) সেটির প্রোপালশন ব্যবস্থা অচল করে দিলে, 19 এপ্রিল মেরিন সেনারা র্যাপেলিং করে ইরানি পতাকাবাহী জাহাজটিতে অবতরণ করে।”
গত সপ্তাহে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনও জাহাজ এভাবে আটক করা হল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, দেশটির যৌথ সামরিক কমান্ড সশস্ত্র পন্থায় জাহাজে আরোহণ ও সেটি দখলের এই ঘটনাকে ‘জলদস্যুতা’ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিহিত করেছে।
হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার উত্তেজনা ক্রমশ তীব্র হয়ে ওঠায় এবং বুধবারের মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায়, ইরানের সঙ্গে নতুন করে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত পরিকল্পনার বর্তমান অবস্থা কী, তা এখন আর স্পষ্ট নয়। ট্রাম্প এর আগে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের আলোচক দল সোমবার পাকিস্তানের উদ্দেশে রওনা হবে।
এই অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। এর ফলে গত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকটটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। #















