হবিগঞ্জ প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ১টার দিকে সন্দেহজনক একটি ট্রাককে থামানোর সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
পাচারের উদ্দেশে আনা এসব জিরা জব্দ করা হয়।
এ ছাড়া একই এলাকায় ভোর ৪টার দিকে পৃথক আরেকটি অভিযানে আরেকটি ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আরো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
জব্দ করা জিরার আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
হবিগঞ্জ (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মো. জুনাইদ চৌধুরী। #















