ঢাকা প্রতিনিধি: যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে অল্প সময়ের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।
শুক্রবার (১৩ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈঠকে জাপানের প্রতিনিধিদলের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল বিমানবন্দরের এমবার্কেশন ফি, রাজস্ব ভাগাভাগি এবং আপফ্রন্ট ফি।
বৈঠকে মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে।
এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জাপানের পক্ষ থেকে দ্রুত একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে চলতি মার্চ মাসের শেষের দিকে এ বিষয়ে পুনরায় বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, বাংলাদেশে জাপানের দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি এবং জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার রিয়েকো নাকায়ামাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #















