বিটিসি স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপের অভাব বুঝতেই দিলেন না ভিনিসিউস জুনিয়র, গন্সালো গার্সিয়ারা। রেয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে রেয়াল মাদ্রিদকে শীর্ষে নিয়ে গেলেন তারা।
সাান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র, একবার করে জালের দেখা পেয়েছেন গার্সিয়া ও ফেদে ভালভের্দে।
সফল স্পট কিকে সোসিয়েদাদের একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল।
২৬ ম্যাচে রেয়ালের পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ঘরের মাঠে পঞ্চম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় রেয়াল।
ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন গার্সিয়া। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে চলতি বল পা ছুঁয়ে একটু দিক পাল্টে দেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি সোসিয়েদাদ গোলরক্ষক।
গার্সিয়ার দারুণ গোলে এগিয়ে যাওয়ার পর গতি কমিয়ে দেয় রেয়াল। সে সময় ভালো ফুটবল খেললেও তেমন একটা সুযোগ তৈরি করতে পারছিল না সোসিয়েদাদ।
চার মিনিট পর স্পট কিক থেকে রেয়ালকে ফের এগিয়ে নেন ভিনিসিউস। ব্রাজিল ফরোয়ার্ডকে ফাউল করাতেই পেনাল্টি পায় রেয়াল।
৩১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ভালভের্দে। ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এই অভিজ্ঞ ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান ভিনিসিউস। ৪৮তম মিনিটে সফল স্পট কিকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাকেই ফের ইয়ন আরামবুরু ফাউল করায় পেনাল্টি পায় রেয়াল।
৬০তম মিনিটে মাঠে নামেন রেয়াল অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল।
৬১তম মিনিটে ইয়ন মার্তিনের হেড চমৎকার রিফ্লেক্সে ঠেকিয়ে দেন রেয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। দুই মিনিট পর আইহেন মুনিয়োসের গতিময় শট এগিয়ে এসে শরীর দিয়ে ঠেকান তিনি।
৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন গার্সিয়া। তবে গোললাইন থেকে শট ঠেকিয়ে তাকে হতাশ করেন মার্তিন।
৮৪তম মিনিটে রেয়ালের জালে বল পাঠালেও অফসাইডের জন্য গোল পায়নি সোসিয়েদাদ। ৬ মিনিট পর একই অভিজ্ঞতা হয় রেয়ালের। আর্দা গিলেরের ফ্রি কিকে হেডে জালে বল পাঠালেও গোল পাননি ভিনিসিউস। তিনি নিজেই অফসাইডে ছিলেন, তাই হয়নি হ্যাটট্রিক। #















