বিটিসি স্পোর্টস ডেস্ক: যে দলকে হারিয়ে গত মৌসুমে কোপা দেল রের ফাইনালে উঠেছিল বার্সেলোনা, সেই আতলেতিকো মাদ্রিদকে আবার সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হান্সি ফ্লিকের দল।
শেষ চারের আরেক ম্যাচে লড়বে আথলেতিক বিলবাও ও রেয়াল সোসিয়েদাদ।
স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার।
কোয়ার্টার-ফাইনালে দ্বিতীয় স্তরের দল আলবাসেতেকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে শিরোপাধারী বার্সেলোনা। রেয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আতলেতিকো।
কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত হয়েছে এক লেগের। সেমি-ফাইনাল হবে দুই লেগের।
আগামী বুধবার প্রথম লেগে আতলেতিকোর মাঠে খেলবে বার্সেলোনা। কাম্প নউয়ে ফিরতি লেগ হবে আগামী ৪ মার্চ।
গত আসরে শেষ চারের প্রথম লেগে আতলেতিকোর মাঠে ৪-৪ ড্রয়ের পর, ঘরের মাঠে ১-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির রেকর্ড ৩২তম শিরোপা জিতেছিল কাতালান দলটি।
এই মৌসুমে এরই মধ্যে আতলেতিকোর বিপক্ষে একটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। গত ডিসেম্বরে ঘরের মাঠে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল ফ্লিকের দল। #















