BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ওভারব্রিজ আইল্যান্ডে বাড়ছে দুর্ঘটনা, সড়কবাতি ও নিরাপত্তার দাবি

সিরাজগঞ্জে ওভারব্রিজ আইল্যান্ডে বাড়ছে দুর্ঘটনা, সড়কবাতি ও নিরাপত্তার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় একটি ওভারব্রিজের আইল্যান্ডকে কেন্দ্র করে আশঙ্কাজনক হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে।

বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাব ও সতর্কতামূলক চিহ্ন না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা গেছে, মহাসড়কের ওই অংশটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় দিন-রাত যানবাহনের চাপ লেগেই থাকে। কিন্তু আইল্যান্ডটি অরক্ষিত এবং রাতে স্পষ্টভাবে দৃশ্যমান না হওয়ায় দ্রুতগতির যানবাহন প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে এতে ধাক্কা দিচ্ছে। এতে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে এলাকাটি অন্ধকারে ঢেকে যায়। ফলে দূর থেকে আসা চালকদের জন্য আইল্যান্ডটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তারা দ্রুত ল্যাম্পপোস্ট স্থাপন, রিফ্লেক্টিভ সাইনবোর্ড বসানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

সরেজমিনে দেখা গেছে, আইল্যান্ডটির চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং সতর্কতামূলক চিহ্নও অপ্রতুল। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিটিসি নিউজকে বলেন, চান্দাইকোনা এলাকায় ওভারব্রিজের আইল্যান্ড ঘিরে দুর্ঘটনার বিষয়টি আমাদের নজরে রয়েছে। বিশেষ করে রাতের বেলায় আলোর স্বল্পতার কারণে ঝুঁকি বাড়ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হবে। একই সঙ্গে চালকদের সতর্ক হয়ে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বিটিসি নিউজকে জানান, চান্দাইকোনা এলাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে। বিশেষ করে সড়কবাতি ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই