BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিটির বিপক্ষে লড়াইয়ে গালাতাসারাই ম্যাচের দলকে দেখতে চান লিভারপুল কোচ

সিটির বিপক্ষে লড়াইয়ে গালাতাসারাই ম্যাচের দলকে দেখতে চান লিভারপুল কোচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: লিগ কাপ থেকে মৌসুমের শুরুতে বিদায়, প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ আগেভাগে- হতাশার মৌসুমে যে দুটি প্রতিযোগিতায় এখনও টিকে আছে লিভারপুল, সেখানে স্বরূপে আবির্ভুত হওয়ার তাড়না অনুভব করছেন কোচ আর্না স্লট।

আর ঠিক যেমনটা তিনি চান, সপ্তাহ দুয়েক আগে গালাতাসারাইয়ের বিপক্ষে তেমনই পারফর্ম করেছে তার দল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের লড়াইয়ের আগে, প্রত্যাশিত পারফরম্যান্স বোঝাতে চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচের কথা বললেন লিভারপুল কোচ।

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর, শনিবার এফএ কাপের ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লিভারপুল ও সিটি। কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি হবে সিটির ইতিহাদ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় বিকাল পৌনে ছয়টায়।

এরপর, চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। এই দুই ম্যাচের মাঝে প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ ফুলহ্যাম।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে দারুণ পারফরম্যান্সের পর, নকআউট পর্বের শুরুতেই হোঁচট খায় লিভারপুল; শেষ ষোলোর প্রথম লেগে হেরে যায় গালাতাসারাইয়ের বিপক্ষে। তবে, ফিরতি লেগে ঘরের মাঠে দুর্দান্ত খেলে ৪-০ গোলে জিতে এগিয়ে যায় ‘অল রেড’ নামে পরিচিত দলটি।

যদিও সেই দ্যূতিময় পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারেনি লিভারপুল। দুই দিন পরই তারা হেরে যায় প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে।

সিটির বিপক্ষে লড়াইয়ের আগের দিন তাই দলকে ধারাবাহিক হওয়ার প্রতি জোর দিলেন, ফিরিয়ে আনতে বললেন সেই গালাতাসারাই ম্যাচের পারফরম্যান্স।

“দুর্ভাগ্যবশত যতবার আমরা ভালো ফল পেয়েছি, বেশিরভাগ সময় এর পরপরই হওয়া ম্যাচের ফল প্রত্যাশিত ছিল না। এর বড় একটা কারণ সব খেলোয়াড়দের আমরা পাইনি, যেমনটা আমরা দেখেছি ব্রাইটনের বিপক্ষে যখন খেললাম।”

“সপ্তাহের মাঝে, আমরা খুব ভালো একটা ম্যাচ খেললাম, আমার মতে, গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচটা ছিল আমাদের সেরা পারফরম্যান্সগুলোর অন্যতম। কিন্তু তিন দিন পর, আমরা আলিসনকে পেলাম না, মোকে (সালাহ) পেলাম না। ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে উগো একিটিকেকে উঠে যেতে হলো।”

মৌসুম জুড়ে ঠাসা সূচির কারণে খেলোয়াড়দের যে প্রচণ্ড শারীরিক ধকল সইতে হচ্ছে, সেটাও বুঝতে পারছেন স্লট। তবে দিনশেষে সাফল্যের খোঁজে দলকে ভালো খেলার তাড়নাও দিলেন তিনি।

“আমার আশা ও প্রত্যাশা, গালাতাসারাইয়ের বিপক্ষে যেমন খেলেছিলাম, আবার আমরা সেই দল হয়ে উঠতে পারব।”

সিটির বিপক্ষে লড়াইয়ের আগে দারুণ একটা সুখবর পেয়েছে লিভারপুল। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ব্রিটিশ রেকর্ড সাড়ে ১২ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে চুক্তিভুক্ত আলেকসান্দার ইসাক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ