সাভার প্রতিনিধি: জাতীয় সংসদে স্লোগান দেওয়া প্রচলিত রেওয়াজের বাইরে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, সংসদে অনেক সদস্য নতুন হওয়ায় রীতিনীতি আত্মস্থ করতে তাদের কিছুটা সময় লাগতে পারে। তবে বিরোধী দল সংসদে মোটামুটি শৃঙ্খলা বজায় রেখেছে বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। বিরোধী দল তাদের অধিকার থেকেই এটি করতে পারে। তবে প্রথম অধিবেশনের দিন এমনটি না করলেও ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দলকে নিয়েই সংসদ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে তিনি ক্রিকেটের আম্পায়ারের মতো নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন বলেও জানান।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন স্পিকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম)। #















