বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গরু চুরির ঘটনায় জড়িত একটি আন্ত জেলা চোরচক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার দুপুরে শিবগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গত ৭ ফেব্রুয়ারি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকড়তলা এলাকার খামারি রাসেল ইসলামের খামার থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের পাঁচটি গরু চুরি হয়। এ ঘটনায় ৩ মার্চ মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ৩ ও ৪ এপ্রিল রাজশাহী, বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাবের সহায়তায় ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হলেন— চক্রের মূল হোতা বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু (৩৮), সোনাতলা উপজেলার তারাজুল ইসলাম (৩০), শিবগঞ্জ উপজেলার সজল মন্ডল (৩৯), একই উপজেলার ওমর সানি ওরফে সজিব (২৮) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শরিফুল (২৪)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত একটি পিকআপ, দুটি কাটার, টর্চ ও রশিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে চুরি হওয়া গরুগুলো কসাইদের কাছে বিক্রি করে দেওয়ায় সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও উপপরিদর্শক (এসআই) ডি. কে. তনয় কুমার জানান, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। #















