বিটিসি স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে অভিযান শেষে ক্লাবের হয়ে মাঠে নেমেই জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে। তার নৈপুণ্যে লিগ শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে পিএসজি।
লিগ আঁয় শুক্রবার রাতে তুলুজের বিপক্ষে আধিপত্য করেই ৩-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল। দেম্বেলের প্রথমার্ধের জোড়া গোলের পর, শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন গন্সালো রামোস।
আগের তিন ম্যাচে ১২ গোল করা পিএসজি এদিন মাঠে নেমে ২৩তম মিনিটে দেম্বেলের চমৎকার গোলে এগিয়ে যায়। ডি-বক্সের মুখ থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান তিনি। চার মিনিট পরেই অবশ্য তাদের জালে বল পাঠিয়ে সমতা টানেন ডাচ ডিফেন্ডার গাসমুস নিকোলাইসেন।
১২ মিনিট পর অনায়াসে আবার দলকে এগিয়ে নেন দেম্বেলে। কর্নারে সতীর্থের হেডে বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন গতবারের বর্ষসেরা ফুটবলার।
দ্বিতীয়ার্ধে আরেকবার বল জালে পাঠান দেম্বেলে, কিন্তু অফসাইডের কারণে গোল পাননি তিনি। যোগ করা সময়ে প্রায় ২২ গজ দূর থেকে দারুণ শটে ব্যবধান বাড়ান পর্তুগিজ ফরোয়ার্ড রামোস।
২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দু্ইয়ে লঁস।
৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে তুলুজ।
চার ম্যাচে ১৫ গোল করে ও দারুণ পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে যাচ্ছে পিএসজি। ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হবে এনরিকের দল। #















