বিটিসি স্পোর্টস ডেস্ক: রোনান সুলিভান শেষ শটে ভারতের গোলকিপার সুরজ সিংকে পরাস্ত করতেই মালে স্টেডিয়ামে গগনবিদারী উল্লাস দর্শকদের। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে টাইব্রেকারে যুক্তরাষ্ট্রের এই প্রবাসী ফুটবলারের শটেই শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের।
গতকাল শুক্রবার মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের দল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।
এদিকে কক্সবাজারে বসে টিভিতে খেলা দেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ যুব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন।
রোনান সুলিভানে শুরু, রোনান সুলিভানেই শিরোপা জয় বাংলাদেশের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ২-০ ব্যবধানে ম্যাচ জিতিয়েছিলেন রোনান।
আর ফাইনালে শিরোপা নির্ণয়ক তার শটেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে দু’দল দুর্দান্ত খেললেও গোলের দেখা মেলেনি কোনো শিবিরে। ফলে শিরোপা নির্ধারণের জন্য রেফারিকে যেতে হয় ভাগ্যের খেলা ট্রাইব্রেকারে।
বাংলাদেশ ও ভারত দুই দল একই গ্রুপে ছিল। তাই একে অন্যকে বেশ ভালোভাবে চেনে। বাংলাদেশের আমেরিকান ফরোয়ার্ড রোনান সুলিভানকে তাই বেশ কড়া পাহাড়ায় রাখে ভারত। এরপরও রোনান তার দক্ষতা দেখিয়ে বেশ কয়েকটি শট নিয়েছেন। দুই দলই গোলের জন্য চেষ্টা করেছে। দুই দলই একাধিক গোলের সুযোগ পেয়েছিল।
বাংলাদেশের গোলকিপার মাহিন একাধিকবার পোস্ট থেকে বেরিয়ে আসেন। দুইবার বল গ্রিপে না নিতে পারলেও বিপদ আসেনি। বাংলাদেশ বক্সের আশপাশে অনেকবার বল নিলেও কাক্সিক্ষত গোল আদায় করতে পারেনি।
নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা না পাওয়ায় বয়সভিত্তিক টুর্নামেন্ট বলে বাইলজ অনুযায়ী সরাসরি টাইব্রেকারে ফাইনালের ফলাফল নিষ্পত্তি হয়।
টাইব্রেকারে বাংলাদেশের মুর্শেদ আলী, চন্দন রায়, আবদুল রিয়াদ ফাহিম ও রোনান সুলিভান গোল করলেও বারে মেরে ব্যর্থ হন সামজেল রাকসাম।
ভারতের আরবাস, হংষংবাম সামসন ও বিশাল যাদব গোল করলেও ব্যর্থ হন রিশি সিং এবং ওমাং ডকলাম।
রিশি সিংয়ের শট রুখে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন এবং যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ভারতের ওমাং ডকলামের শট বারের ওপর দিয়ে বাইরে চলে যায়।
শিরোপা জেতার পর লাল সবুজের পতাকা নিয়ে মালে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার প্রবাসী দর্শকদের অভিবাবদের জবাব দেন ইসমাইল, মোর্শেদ ও মানিকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন: সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ দল। #















