BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী’র লক্ষিপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলা

রাজশাহী’র লক্ষিপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর লক্ষিপুর কাঁচাবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সাততলা থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. সুমন (৩৫), কর্ণহার থানার বেজুরা গ্রামের সেরাজের ছেলে, এবং আনারুল ইসলাম (৩৬), একই থানার বাতাসমোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক খোকার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাততলায় প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে তারা নিচে পড়ে যান। ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়, আর গুরুতর আহত অবস্থায় আনারুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ভবনের নিরাপত্তাকর্মী আব্দুল আলিম বিটিসি নিউজকে বলেন, “হঠাৎ বড় শব্দ শুনে বাইরে ছুটে যাই। দেখি দুইজন শ্রমিক রাস্তার ওপর পড়ে আছে। এক জনের মৃত্যু হয়েছে, অন্যজনকে হাসপাতালে পাঠানো হয়।”

স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার ও হেড মিস্ত্রীর অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকদের সেফটি বেল্ট ছাড়াই সাততলায় কাজ করানো হচ্ছিল। এছাড়াও ভবনটি দক্ষিণ পাশে ফাঁকা না রেখে নির্মাণ করা হয়েছে, যা বিল্ডিং কোডের স্পষ্ট লঙ্ঘন।

তাদের দাবি—এই অবহেলা ও নিরাপত্তাহীনতার জন্য মালিকপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।

নির্মাণাধীন ভবনের মালিকদের একজন তুহিন বলেন, “ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে শুনেছি দুর্ঘটনা ঘটেছে। আমরা ভবনটি কন্ট্রাক্টে দিয়েছি, কাজের নিরাপত্তা ঠিকাদারের দায়িত্ব।”

এদিকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, “নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”

কাঁচাবারে মাছ ব্যবসায়ীরা বিটিসি নিউজকে বলেন, নির্মাণ শ্রমিকদের জন্য ন্যূনতম সেফটি বেল্ট ও হেলমেট নিশ্চিত না করেই কাজ করানো হয়েছে। সাততলায় প্লাস্টারের কাজ করার মতো ঝুঁকিপূর্ণ স্থানে এমন অবহেলা নির্মাণশিল্পে নিত্যনৈমিত্তিক হলেও এই মৃত্যু আবারও সেই লজ্জাজনক বাস্তবতাকে সামনে এনেছে।

মালিকপক্ষ বলছেন “আমরা কন্ট্রাক্টে দিয়েছি”, অথচ আইনের চোখে ভবন মালিকও দায়মুক্ত নন। নির্মাণ কাজে নিরাপত্তা বিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা মালিক, ঠিকাদার ও প্রকৌশলীর যৌথ দায়িত্ব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার