BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে জমি দখলের অভিযোগ, মালিককে হত্যার হুমকি—থানায় লিখিত অভিযোগ

রাজশাহীতে জমি দখলের অভিযোগ, মালিককে হত্যার হুমকি—থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় জোরপূর্বক জমি দখল এবং প্রকৃত মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হামেজ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে দামকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. হাবিবুর রহমান (৭০)।

অভিযোগ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দামকুড়া থানার হরিপুর গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে। তার দাবি, হরিপুর মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ১ একর ৮৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অভিযুক্ত হামেজ আলী অবৈধভাবে দখলে রেখে ভোগ করছেন।

তিনি জানান, জমি ফেরত পাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও হামেজ আলী তা প্রত্যাখ্যান করেন এবং উল্টো দুর্ব্যবহার করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের কাছেও জানানো হলে সালিশ বসে, কিন্তু কোনো সমাধান হয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল অভিযুক্ত ব্যক্তি ওই জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। পরদিন ১১ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দিলে হামেজ আলী ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুনরায় জমিতে গেলে প্রাণে হত্যার হুমকি দেন।

জমির তপশিল অনুযায়ী, জেলা রাজশাহী, থানা দামকুড়া, মৌজা হরিপুর, জেএল নং-৪০, খতিয়ান নং-৬৯৯ এবং দাগ নং-৯৫৯-এ উল্লিখিত জমির পরিমাণ ১ একর ৮৫ শতাংশ।

এব্যাপারে অভিযুক্ত হামেজ আলীকে ফোন দেওয়া হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ