ক্রাইম (ঢাকা) রিপোর্টার: ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মাদক ও দেশি-বিদেশি অস্ত্রসহ মাসুম ওরফে পিচ্চি মাসুম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনা কর্তৃপক্ষের দাবি, পিচ্চি মাসুম একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট।
বৃহস্পতিবার (রাত ২টা) থেকে শুক্রবার (সকাল ১০টা) পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
সেনা সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় পিচ্চি মাসুমের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে তার সহযোগী নাইম (৩৩)কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে পিচ্চি মাসুমকে আটক করা হয়।
এরপর মাসুমের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে ধলপুর এলাকায় একযোগে আটটি স্থানে অভিযান চালানো হয়। এতে তার সহযোগী নাসির (৩২) ও রাজু (৩২) গ্রেপ্তার হন।
অভিযানে মাসুম, রাসেল ও আলামিনের বাসা তল্লাশি করে একটি মার্কিন সিগ সাওয়ার এম-১৭ পিস্তল, একটি মার্কিন ৭.৬৫ এমএম পিস্তল, একটি রিভলভার, হেরোইন ও গাঁজা, দেশীয় অস্ত্র, ১৬টি মোবাইল ফোন, সিম ও মেমোরি কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
তবে আলামিন (৩৫), হারুন (৪৭), রাসেল ওরফে চশমা রাসেল (৩৯), সাগর (৩১) ও আম্বিয়া (৪৪)সহ কয়েকজন সহযোগী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার মো: রুহুল আমীন। #















