বিটিসি স্পোর্টস ডেস্ক: গল্পটা পাল্টে দিতে এবং ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে আর্সেনালকে একটা পথ দেখালেন গ্যারি নেভিল। তবে সেটা বাস্তবায়ন করা হবে ভীষণ কঠিন। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে ‘এপ্রিলে প্রায় অজেয়’ ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিততে হবে মিকেল আর্তেকার দলকে।
আগামী রোববার সিটির মাঠ ইতিহাস স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল। এই ম্যাচ প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট গ্যারি নেভিল মনে করেন, আর্সেনালের সাম্প্রতিক বাজে ফলে যেন রক্তের গন্ধ পাচ্ছে সিটি। গত শনিবার ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনাল হেরে যাওয়ায় ব্যবধান কমানোর সুযোগ আসে সিটির সামনে। চেলসিকে অনায়াসে হারিয়ে সেটা কাজে লাগায় গুয়ার্দিওলার দল।
এখনও যদিও আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে সিটি। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। পরের সপ্তাহে আর্তেতার দলকে হারাতে পারলে শিরোপা লড়াইয়ে ফেভারিট হয়ে যেতে পারে সিটি।
একটা সময় চার শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছিল আর্সেনাল। তাদের উল্টো যাত্রা শুরু হয় লিগ কাপের ফাইনালে সিটির বিপক্ষে হার দিয়ে। পরের ম্যাচে দ্বিতীয় স্তরের দল সাউথ্যাম্পটনের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় আর্তেতার দল। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হার আভাস দিচ্ছে চাপের মুখে ভেঙে পড়ছে লন্ডনের ক্লাবটি।
স্কাই স্পোর্টসকে সাবেক ইংলিশ ডিফেন্ডার নেভিল বললেন, এই পরিস্থিতিতে আর্সেনালের জন্য সিটি ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ।
“আগামী রোববার ম্যান সিটির বিপক্ষে কী করবে, সেদিকে মনোযোগ দিতে হবে আর্সেনালের। আগামী সপ্তাহান্তে আর্সেনাল লিগ জিতে নিতে পারে… এই সপ্তাহে এটা অবশ্য জনপ্রিয় ভাবনা নয়, তবে ব্যাপারটা এমনই।”
“সবাই ভাবছে সিটি ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনবে। তবে আপনি যদি আর্সেনাল হন, তাহলে ২২ বছরের মধ্যে প্রথম শিরোপা পরের সপ্তাহেই জিতে নিতে পারেন। ব্যাপারটা তাদের এভাবেই দেখতে হবে।
আগামী সপ্তাহান্তে আমাদের সামনে আসছে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ। এই ম্যাচ প্রিমিয়ার লিগের মৌসুম নির্ধারণ করে দিতে পারে। ম্যানচেস্টার সিটি রক্তের গন্ধ পাচ্ছে এবং মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পুরো একটি সপ্তাহ পাচ্ছে।”
৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে গত তিন আসরে রানার্সআপ হওয়া আর্সেনাল। ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা সিটির বিপক্ষে জিতলে ২০০৪ সালের পর প্রথমবার শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে যাবে তারা।
প্রিমিয়ার লিগে ১১ বছর ধরে সিটির মাঠে কোনো ম্যাচ জেতেনি আর্সেনাল। সবশেষ দুই ম্যাচে অবশ্য ড্র করতে পেরেছে তারা। তবে তাদের জন্য দুঃসংবাদ, গুয়ার্দিওলার কোচিংয়ে এপ্রিলে প্রায় অজেয় হয়ে উঠেছে সিটি। এই মাসে খেলা ৩২ ম্যাচের ২৯টিতেই জিতেছে তারা, হেরেছে কেবল একটিতে।
আর্সেনালকে হারাতে পারলে এবং ১৯ নম্বরে থাকা বার্নলির বিপক্ষে জিতলে পাঁচ ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে আসতে পারে সিটি। এতে প্রবল মনস্তাত্ত্বিক চাপে পড়তে পারে লম্বা সময় শীর্ষে থাকা আর্সেনালের ওপর।
ইউনাইটেডে নেভিলের সাবেক সতীর্থ ওয়েইন রুনি মনে করেন, শিরোপা লড়াইয়ের শেষ পর্যায়ে গুয়ার্দিওলার অতীতের সাফল্য হতে পারে খুব গুরুত্বপূর্ণ।
“আমার মনে হয়, এক্ষেত্রে সিটি একটু এগিয়ে থাকবে। সেটা মূলত তাদের কোচ এবং খেলোয়াড়দের জন্য। আর্সেনালের খেলোয়াড়দের চেয়ে একটু বেশি শান্ত থাকতে পারবে তারা।”
আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে সিটি পুরো একটি সপ্তাহ পাচ্ছে। আর আর্তেতার দল বুধবার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে পর্তুগালের দল স্পোর্তিংয়ের বিপক্ষে। এরপর তারা মনোযোগ দিতে পারবে সিটি ম্যাচে। #















