BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাঠ প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহির কড়া বার্তা ডিসি সম্মেলনে

মাঠ প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহির কড়া বার্তা ডিসি সম্মেলনে

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: শেষ হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটিই প্রথম জেলা প্রশাসক সম্মেলন হওয়ায় মাঠ প্রশাসনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে এসেছে।

জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারি উদ্যোগের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়—এ লক্ষ্য বাস্তবায়নের নির্দেশনাসহ সম্মেলন থেকে ডিসিরা মূলত মাঠ প্রশাসনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা নিয়ে নিজ নিজ জেলায় ফিরছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাঠ প্রশাসনের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

জানা গেছে, চলতি বছরের সম্মেলনে দেশের ৬৪ জেলার ডিসি এবং ৮ বিভাগীয় কমিশনার মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মোট ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করেন।

চার দিনের (৩ মে থেকে ৬ মে) এ সম্মেলনে দুই দফায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেয়েছেন ডিসিরা। প্রথম দিন উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা পেয়েছেন ডিসিরা। শেষ দিন সন্ধ্যায় মুক্ত আলোচনায় এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভায়ও প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছেন তারা।

সরকারের পক্ষ থেকে ডিসিদের বলা হয়, মাঠ প্রশাসনকে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করতে হবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কোনও ধরনের আপস না করার কঠোর বার্তাও দেওয়া হয়।

জানতে চাইলে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, “ডিসিরা মাঠ পর্যায়ে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন। সরকারের যেকোনও কর্মসূচি বাস্তবায়নে আমরা সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের চেষ্টা করবো।”

সংশ্লিষ্টরা জানান, সরকার মাঠ প্রশাসনকে আরও গতিশীল, স্বচ্ছ, জনমুখী ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দিয়েছে। একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতদারি রোধে ডিসিদের বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে লাইসেন্সধারী প্রায় ১০ হাজার আগ্নেয়াস্ত্র এখনও জমা না দেওয়ায় সেগুলো দ্রুত উদ্ধার ও লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

ভূমি ব্যবস্থাপনায় সেবার মান উন্নয়ন এবং হয়রানি বন্ধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়। পাশাপাশি বিলাসী প্রকল্প ও অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে ডিসিদের সামনে ৪৪টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে উপজেলা পর্যায়ে অ্যাম্বুলেন্স ও অ্যান্টিভেনম নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়।

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বন্ধ কারখানা পুনরায় চালু, অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ এবং বেসরকারি খাতে হস্তান্তরের বিষয়েও নির্দেশনা আসে।

এছাড়া গুজব ও অপতথ্য প্রতিরোধে সাইবার নিরাপত্তা জোরদার এবং ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ে সোলার প্যানেল ব্যবহারের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের কথাও বলা হয়।

সম্মেলন সম্পর্কে জানতে চাইলে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সম্মেলন শেষে সরকারের দেওয়া নির্দেশনা নিয়ে আমরা জেলায় ফিরছি। এগুলো জনগণের জন্য কল্যাণকর উদ্যোগ হবে বলে আশা করি।

সাবেক অতিরিক্ত সচিব মহিউদ্দিন আহমেদ বলেন, মাঠ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিসিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করাই এখন মূল চ্যালেঞ্জ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার