ঢাকা প্রতিনিধি: মন্ত্রী হওয়ার আগে মশার কামড় থেকে বাঁচতে মাসে ৫ হাজার টাকা করে দিতে হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা ডেঙ্গুর জন্য মশা মারার মেডিসিন টেস্ট করেছি। মেডিসিন ভালো। কিন্তু স্প্রে করলে মশাও মরে না, লার্ভাও নষ্ট হয় না। যার প্রমাণ আমি নিজে। মন্ত্রী হওয়ার আগে গুলশানে আমার বাসায় ভীষণ মশা ছিল। তখন আমার ছেলে আমাকে বলতেছে বাবা ৫ হাজার টাকা করে মাসে দিতে হবে, যে স্প্রে করে তাকে। আমি বললাম কেন। সে বলল তাহলে মশা থাকবে না, মশা মরে যাবে। আমি তাকে জিজ্ঞাস করলাম কীভাবে। সে বলল যে ওষুধ ছিটায় সে অর্ধেক পানি আর কেরসিন মিশায়। এক বোতল ওষুধের সাথে যতটুকু কেরসিন বা পানি মিশানোর কথা সেখানে সে হাফ বোতল ব্যবহার করে। তাই তাকে ৫ হাজার টাকা করে দিবেন, তাতে সে পুরো বোতল ওষুধ দিবে, তাতে আর মশা থাকবে না। এভাবে তিন মাস টাকা দেওয়া হলে সত্যি আর মশা থাকেনি। এখন বলেন, এমন অবস্থা হলে স্বাস্থ্য ভালো করবেন কীভাবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের সবাইকে এক লাইনে আসতে হবে। রাজনৈতিক ব্যক্তি, সচিব, ডাক্তার ও প্রশাসন এক সারিতে এসে যখন দাঁড়াবে, এক সাথে কাজ করবে, তখনই স্বস্থ্য সেবার মান বাড়বে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #















