বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ ঘিরে উপসাগরীয় অঞ্চলে আরও মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দুই মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে আরও মার্কিন সেনা এবং যুদ্ধ জাহাজ পাঠানোর খবরটি মার্কিন গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রকাশ হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে ইউএসএস ত্রিপোলি নামের একটি উভচর আক্রমণকারী জাহাজ উপসাগরীয় অঞ্চলে পাঠানো হচ্ছে। ত্রিপোলির সঙ্গে আর কোনো জাহাজ যাবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়।
অবশ্য যুদ্ধ জাহাজ ত্রিপোলি উভচর এআরজি ল্যান্ডিং ক্রাফট বহনে সক্ষম, পাশাপাশি বিপুল সংখ্যক হেলিকপ্টারও অন্তর্ভুক্ত থাকে জাহাজটিতে।
এ ছাড়া ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে কয়েকটি যুদ্ধ জাহাজের এই ইউনিটে প্রায় পাঁচ হাজার নাবিক এবং মেরিন সৈন্য রয়েছেন।
নতুন করে জাহাজ ও সেনা মোতায়েনের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র যে ওই অঞ্চলে আরও বিস্তৃত বিকল্প নিয়ে ভাবছে সেটি নিশ্চিত বলেই মনে করেন বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস।
তার মতে, এর সিদ্ধান্তের মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষা এবং যুদ্ধের ময়দানে বাড়তি সক্ষমতা অর্জনের মতো বিষয়গুলোও থাকতে পারে। #














