বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক সাহস নিয়ে নিজের ভুল ধারণা ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীয় সংবাদমাধ্যম ‘কোরিরে দেল্লা ছেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মেলোনির কঠোর সমালোচনা করে বলেন, “আমি ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম। তাকে নিয়ে আমি বিস্মিত।”
সাক্ষাৎকারে ট্রাম্প আরও যোগ করেন যে, মেলোনি নিজে একজন ‘অগ্রহণযোগ্য’ ব্যক্তি। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার ভয়াবহতা নিয়ে মেলোনি যথেষ্ট চিন্তিত নন। ট্রাম্পের দাবি, “যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকে এবং তারা সুযোগ পায়, তবে দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে।”
মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই দুই নেতার মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। জর্জিয়া মেলোনি শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন। এর আগে পোপ চতুর্দশ লিওকে নিয়ে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, পোপ একজন দুর্বল ব্যক্তি এবং আন্তর্জাতিক বিষয়ে তার কোনো ধারণা নেইৎ
ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছিলেন মেলোনি। তিনি বলেছিলেন, ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মেলোনির সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এখন তার সাহসিকতা নিয়ে প্রশ্ন তুললেন।
উল্লেখ্য যে, এক সময় জর্জিয়া মেলোনিকে ট্রাম্পের একজন কট্টর ভক্ত হিসেবে গণ্য করা হতো। কিন্তু ইরান যুদ্ধ এবং পোপের অবমাননা নিয়ে মেলোনির অনড় অবস্থানের কারণে বর্তমানে এই দুই বিশ্ব নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কে চরম তিক্ততা তৈরি হয়েছে। #















