BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা

বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল রেয়াল মাদ্রিদ। অনেক সুযোগও পেল তারা, কিন্তু গোল মুখে খুব একটা কার্যকর হতে পারলেন না কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়ররা।

বিরতির পর এগিয়ে যেতে পারলেও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারল না আলভারো আরবেলোয়ার দল। তাদের মাঠে পয়েন্ট আদায় করে নিল জিরোনা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শুক্রবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের চমৎকার গোলে এগিয়ে যায় রেয়াল। কিছুক্ষণ পর দুর্দান্ত গোলে সমতা টানেন তমাস লেমা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল ইউরোপের সফলতম দলটি।

লা লিগায় গত রাউন্ডে মায়োর্কার মাঠে ২-১ গোলে হেরেছিল রেয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একই ব্যবধানে হেরে যায় তারা। আগামী বুধবার ফিরতি লেগের আগে জয়ে ফেরা হলো না তাদের।

পুরো ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য রেয়াল শট নেয় মোট ২২টি, যার ৯টি ছিল লক্ষ্যে। জিরোনার ১০ শটের ২টি লক্ষ্যে ছিল।

ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় রেয়াল। তবে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রস বক্সে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি এমবাপে। একাদশ মিনিটে আরেকটি সুযোগ পান ফরাসি তারকা। ব্রাহিম দিয়াসের পাসে দুরূহ কোণ থেকে তার শট আটকে দেন জিরোনার এক ডিফেন্ডার।

চতুর্দশ মিনিটে রেয়ালের রক্ষণে ভীতি ছড়ায় জিরোনা। বক্সে ঢুকে উনাহির নেওয়া জোরাল শট দারুণভাবে এক হাতে ফিরিয়ে দেন গোলরক্ষক আন্দ্রি লুনিন।

১৯তম মিনিটে বক্সের ভেতর থেকে গোলরক্ষক বরাবর দুর্বল শট করেন ভিনিসিউস। আক্রমণে আধিপত্য ধরে রেখে ২৯তম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে রেয়াল। দানি কার্ভাহালের পাসে ফেদেরিকো ভালভের্দের জোরাল কোনাকুনি শট ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাসানিগা।

৪০তম মিনিটে হেডের চেষ্টায় প্রতিপক্ষের কনুইয়ের আঘাতে রক্তাক্ত হন রেয়ালের ফ্রান গার্সিয়া। কানের পাশে আঘাত পান তিনি। ফিজিওর চিকিৎসা নিয়ে চালিয়ে যান খেলা।

দুই মিনিট পর আরেকবার হতাশ হতে হয় রেয়ালকে। দূরের পোস্টে এমবাপের হেড পাসে হেড লক্ষ্যে রাখতে পারেননি ভিনিসিউস।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ক্যারিয়ারের আরেকটি চমৎকার গোলে ‘ডেডলক’ ভাঙেন ভালভের্দে। ব্রাহিম দিয়াসের পাস ধরে বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন উরুগুয়ের তারকা। বল ঠেকানোর মতোই ছিল, কিন্তু পারেনি গাসানিগা। তার হাতে লেগে জালে জড়ায় বল।

রেয়ালের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৬২তম মিনিটে দুর্দান্ত গোলে জিরোনাকে সমতায় ফেরান তমাস লেমা। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের জোরাল শট ঠেকানোর সুযোগ পাননি লুনিন।

লা লিগায় টানা আট ম্যাচে অন্তত একটি গোল হজম করল রেয়াল (মোট ১১টি)। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম লিগে টানা এত ম্যাচে গোল খেল তারা। সেবার জিনেদিন জিদানের কোচিংয়েও টানা আট ম্যাচে রেয়ালের জালে গিয়েছিল বল (মোট ১৪ গোল)।

গোল হজমের পর রেয়ালের আক্রমণের ধার কমে যায় কিছুটা। বাকি সময়ে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি তারা। গ্যালারি থেকে ভেসে আসছিল দুয়োধ্বনিও।

৩১ ম‍্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে রেয়াল। এক ম‍্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে আছে চূড়ায়। এস্পানিওলের বিপক্ষে জিতে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার হাতছানি শিরোপাধারীদের সামনে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার