বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার আশায় ছিলেন জের্ডি শাউটেন। চোটের ছোবলে নেদারল্যান্ডসের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সেই স্বপ্ন শেষ হয়ে গেল।
ডাচ লিগে শনিবার ইউট্রেখটের বিপক্ষে পিএসভি আইন্দহোভেনের ৪-৩ গোলে জয়ের ম্যাচে ক্রুসিয়েট লিগামেন্টে চোট পান শাউটেন। সেরে উঠতে তার অস্ত্রোপচার লাগবে।
রোমাঞ্চকর লড়াইটির দ্বিতীয়ার্ধে শাউটেনের হাঁটু মচকে যায় এবং স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী ফুটবলার। পরে আরও পরীক্ষা নিরীক্ষার পর আইন্দহোভেনের পক্ষ থেকে অধিনায়কের গুরুতর চোটের বিষয়টি নিশ্চিত করা হয়, যা থেকে পুরোপুরি সেরে উঠতে ৬ থেকে ৯ মাস পর্যন্ত সময় লাগে।
পিএসভি আইন্দহোভেনের হয়ে চলতি মৌসুমে ৪০টি ম্যাচ খেলেছেন শাউটেন। এর মধ্যে ডাচ লিগে খেলেছেন ২৮টি ম্যাচ, যেখানে টানা তৃতীয় শিরোপা জয়ের খুব কাছে আছে দলটি।
২০২২ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত শাউটেন দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৭টি ম্যাচ, গত সপ্তাহে একুয়েডরের বিপক্ষে ১-১ ড্র প্রীতি ম্যাচে পুরোটা সময় খেলেন তিনি।
আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে বিশ্বকাপে যাত্রা শুরু হবে নেদারল্যান্ডসের। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া। #















