BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে – পর্যটন প্রতিমন্ত্রী

বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে – পর্যটন প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলোকে বন্ধ করে দিয়েছে নানা কারণে।

বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু বিমানবন্দর ছিল। সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলোকে আগে চালু করব। তারপর নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো বিমানবন্দর কোনো বিভাগে হয়, তাহলে ময়মনসিংহে হবে। কিন্তু তার আগে আমাদের সময় দিতে হবে যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন। আমাকেও ডেকে ব্যক্তিগত ভাবে বলেছেন যে, আপনারা হজের টিকেটের দাম কমান এবং টিকেটের দাম এত কেন বেশি হবে? বিমান একটা লুজিং কনসার্ন ছিল। কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল। বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানোও সম্ভব। আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব।

আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে। প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাদাকে সাদা ও কালোকে কালো বলেন, আপত্তি নেই। কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়।

এতে দেশের অনেক ক্ষতি হয়। মিথ্যা সংবাদ, সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিভ্রান্তিকর কোন খবর যেন ছাপানো না হয়। আসুন আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করি। আমরা সরকারে থেকে বুঝতে পারছি প্রত্যেকটি জায়গা ভঙ্গুর।

প্রত্যেকটি জায়গা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক জায়গায় দুর্নীতির ছোয়া রয়েছে। সেগুলোকে পূরণ করতে হলে আমাদের সময় বেশী দিতে হবে, কাজ করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ