বিটিসি স্পোর্টস ডেস্ক: মাঠের কন্ডিশন বাজে, অনুশীলন মাঠের অবস্থাও মানহীন, স্নানের জন্য গরম জল নেই- এই সমস্যাগুলো ক্লাব কর্তৃপক্ষের নজরে বারবার এনেও কাজ হয়নি।
এসব কারণে রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ার পর রায়ো ভাইয়েকানোর ক্লাব কর্তৃপক্ষের উপর ক্ষোভ ঝাড়লেন তাদেরই খেলোয়াড়-স্টাফরা।
লা লিগায় শনিবার ওবিয়েদোর বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল ভাইয়েকানোর, কিন্তু এস্তাদিও দে ভাইয়েকাসের মাঠের যাচ্ছেতাই অবস্থার কারণে ম্যাচটি স্থগিত করে দেয় লা লিগা কর্তৃপক্ষ।
এ কারণে ক্লাব কর্তৃপক্ষের প্রকাশ্যে সমালোচনা করেছেন দলটির খেলোয়াড়, স্টাফরা।
এক বিবৃতিতে মাঠের কন্ডিশনকে তারা বর্ণনা করেছেন ‘অগ্রহণযোগ্য কন্ডিশন’, ‘অব্যবহারযোগ্য পিচ’হিসেবে। স্নানের জন্য গরম জল না থাকাসহ মাঠের দুরবস্থার কারণে প্রাক মৌসুমে কয়েকমাস প্রস্তুতি নিতে না পারার কথাও বিবৃতিতে উল্লেখ করেছেন তারা।
সমস্যাগুলো নিয়ে ক্লাব সভাপতি রাউল মার্তিন প্রেসাকে বারবার বলা হলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি বলে অভিযোগ খেলোয়াড়-স্টাফদের। এ বিষয়ে অবশ্য রয়টার্স যোগাযোগ করলেও সাড়া দেয়নি ভাইয়েকানো কর্তৃপক্ষ।
ওবিয়েদো অবশ্য চার ঘণ্টা আগে ম্যাচ স্থগিত হয়ে যাওয়াটা ভালোভাবে নেয়নি। এতে তাদের ‘স্পষ্ট ক্ষতি’ বলে বলে জানিয়েছে। #















