বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে একটি বরযাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাস খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বিটিসি নিউজকে জানান, দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
তিনি আরও জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বিটিসি নিউজকে জানান, দুর্ঘটনায় নিহত চারটি মরদেহ বর্তমানে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া আরও আটটি মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #















