BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের গণপিটুনির শিকার ৪ যুবক

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের গণপিটুনির শিকার ৪ যুবক

বরিশাল ব্যুরো: বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আটকদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা খোকন ফকির জানান, মধ্যরাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরে ওই চার যুবকের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জোমদ্দার ও তার ভাই তারেক জোমদ্দার, বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকার আনন্দ মণ্ডলের ছেলে অশোক মণ্ডল ও পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। এরই মধ্যে তাদের আটক করা হয়। আটক তারেকের বিরুদ্ধে ৫টি, তসলিমের বিরুদ্ধে ২টি ও অশোকের বিরুদ্ধে ১টি করে বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চার ডাকাতকে উদ্ধার করে আটক করা হয়। পরে তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ