বিটিসি স্পোর্টস ডেস্ক: ফরাসি ওপেনের আয়োজকদের কাছে পুরস্কারের অর্থ বাড়ানো নিয়ে অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছেন খেলোয়াড়রা। পরিমাণ কিছুটা বাড়ানোর ঘোষণাও ইতোমধ্যে এসেছে।
তবে তা মনঃপূত হয়নি খেলোয়াড়দের। দাবি পূরণ না হলে, ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যাম বয়কট করা হতে পারে, এমন হুমকি দিয়েছেন নাম্বার ওয়ান নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
‘তুলনামূলক কম প্রাইজ মানি’ নিয়ে বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যামের আয়োজকদের সঙ্গে খেলোয়াড়দের বিতর্ক সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা পায়। যদিও আসছে আসরের জন্য পুরস্কারের অর্থ ৯.৫ শতাংশ বাড়িয়ে প্রায় সাত কোটি ২০ লাখ ডলার করা হয়েছে।
তবে, শীর্ষ পর্যায়ের কয়েকজন খেলোয়াড় সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, যে পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, তা টুর্নামেন্টের মোট আয়ের ১৫ শতাংশের কম।
তাদের দাবি- এটিপি ও ডব্লিউটিএ ১০০০ মাস্টার্স ইভেন্টে যেমন টুর্নামেন্টের আয়ের ২২ শতাংশ আর্থিক পুরস্কার দেওয়া হয়, এখানেও তাই দিতে হবে; কিন্তু বাস্তবে তা থেকে ফরাসি ওপেনের অঙ্কটা অনেক কম।
নিজেদের দাবি আদায়ে খেলোয়াড়রা কতদূর যেতে পারে, রয়টার্সের এমন প্রশ্নের উত্তরে সাবালেঙ্কা ইতালিয়ান ওপেন চলার সময়ে বলেন, “আমার মনে হয়, একটা পর্যায়ে গিয়ে আমরা (টুর্নামেন্ট) বয়কট করব। হ্যাঁ, তাই করব। আমার মনে হচ্ছে, আমাদের দাবি আদায়ের জন্য এটাই একমাত্র উপায়।”
“দেখা যাক, আমরা কতটা পাই, যদি এর জন্য খেলোয়াড়দের বয়কটের পথেই হাঁটতে হয়… আমার মতে, যা হচ্ছে তা সত্যিই খেলোয়াড়দের প্রতি অন্যায্য। আমার মনে হয়, একটা পর্যায়ে গিয়ে তাই করতে হবে।”
বেলারুশের এই তারকা অবশ্য আশার কথাও শোনালেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, বিশ্বাস তার।
“আমি সত্যিই আশা করি, আমাদের মধ্যে যেসব আলোচনা হচ্ছে, একটা পর্যায়ে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারব, তাতে শেষ পর্যন্ত সবাই খুশি হবে।”
এই বিষয়ে মন্তব্যের জন্য ফরাসি টেনিস ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স।
গত আসরের তুলনায় এবার প্রায় ৬৩ লাখ ডলার পুরস্কারের অর্থ বাড়ানোর পরও, অন্যান্য গ্র্যান্ড স্ল্যামের তুলনায় ফরাসি ওপেনের মোট আর্থিক পুরস্কার অনেক কম।
গত বছর ইউএস ওপেনে দেওয়া হয়েছিল ৯ কোটি মার্কিন ডলার, উইম্বলডনে দেওয়া হয়েছিল সাত কোটি ২৫ লাখ মার্কিন ডলার, আর এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনে আট কোটি ডলার।
এবারের ফরাসি ওপেন আগামী ১৮ মে শুরু হয়ে চলবে ৭ জুন পর্যন্ত। #















