বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, তিনি তার দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধিতে মনোনিবেশ করবেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা সম্পূর্ণরূপে ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক সপ্তাহব্যাপী নবম কংগ্রেস বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ে একটি সামরিক প্যারেডের মাধ্যমে শেষ হয়েছে।
কিম জানিয়েছেন, গত কয়েক বছরে এশীয় দেশটির ‘আন্তর্জাতিক মর্যাদা অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে’ এবং আগামী পাঁচ বছরের জন্য প্রধান নীতিগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কিম আরো বলেন, ‘আমাদের জাতীয় পারমাণবিক শক্তিকে আরো সম্প্রসারণ ও শক্তিশালী করা এবং একটি পারমাণবিক রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থান পুরোপুরি কার্যকর করা আমাদের পার্টির দৃঢ় সংকল্প। আমরা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি ও এর কার্যক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দেব।’
সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (সিপ্রি) গত বছর অনুমান করেছিল, উত্তর কোরিয়ার কাছে প্রায় ৫০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং আরো ৪০টি তৈরির মতো পর্যাপ্ত বিস্ফোরক উপাদান আছে।
দেশটি নতুন করে আরো বিস্ফোরক উপাদান উৎপাদনের গতি ত্বরান্বিত করছে বলেও জানায় সংস্থাটি।
কিম আরো জানান, উত্তর কোরিয়া আরো শক্তিশালী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে।
যার মধ্যে রয়েছে, সাবমেরিন থেকে থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আক্রমণ ব্যবস্থা, ড্রোন এবং শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র। #















