টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জাতিকে নিয়ে পেছনে যেতে চাই না। আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে, উপযুক্ত নাগরিক হিসেবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্যস্বাস্থ্যসেবা পাবে। নিরাপদ রাস্তা পাবে, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান পাবে। এরপর যখন বড় হবে হাতে মধ্যে কাজ পাবে। যখন আরো বড় হবে দেশটাকে গড়ে তুলতে পারবে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার মা- আমার বোন নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হবে। যে বাংলাদেশে যার যার অবস্থা হিসেবে মূল্যায়ন হবে।
বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বরেন। ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট টাঙ্গাইল জেলা শাখা এ নির্বাচনী জনসভার আয়োজন করে।
তিনি বলেন সবাইকে সমান দেয়ার নাম ন্যায় বিচার নয়। যার যেটা ন্যায্য পাওনা তাকে সেটাই দিতে হবে-এর নাম ন্যায়বিচার। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আইন হবে সবার জন্য সমান। একজন সাধারণ মানুষ অপরাধ করলে তার যে নির্দিষ্ট শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেই ছাড় দিয়ে কথা বলা হবে না। তাদেরকেউ একই বিচারের মুখোমুখী হতে হবে। বিচারের নামে কোন দায়মুক্তি নাই। এই ন্যায়বিচার যখন কায়েম হবে তখন বাংলাদেশ রকেট গতিতে এগিয়ে যাবে।
তিনি বলেন, আমরা সিজনাল পলিটিশিয়ান না। আমরা বসন্তের কোকিল না। যখন নির্বাচন আসবে, নতুন রঙ ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে আমরা হাজির হবো। না, আমরা তাই না। আপনারা সাক্ষী, সাড়ে ১৫ বছর আমাদের উপর এতো জুলুম হওয়ার পরও আমরা একদিনের জন্যও জনগণকে ছেড়ে যাইনি। এই মাটি কামড় দিয়েই আমরা ছিলাম। আল্লাহ আমাদের এখানে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি, ঘর-বাড়ি ছাড়া হয়েছি, অফিসে ঢুকতে পারি নাই। কিন্তু বাংলাদেশে ছিলাম। ভবিষ্যতে দুর্দিন, সুদিন আসবে-আল্লাহ জানেন, কথা দিচ্ছি আপনাদের ছেড়ে কোথাও যাবো নাই ইনশা আল্লাহ। আছি, থাকবো। আপনাদের সুখেও থাকবো, দুখেও থাকবো। আমরা এখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা উত্তরাঞ্চলের অন্যতম সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় গণপরিষদের অন্যতম সদস্য তামিরুল মিল্লাতের অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #















