বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাহিনী। এরইমধ্যে ওই ক্রকে উদ্ধারে বিশেষজ্ঞ মার্কিন যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো কাজ শুরু করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমানে থাকা ক্রুদের উদ্ধারে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।

ইরানের সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। বিমানটিতে থাকা ক্রুদের উদ্ধারের মিশনে থাকা আরেকটি যুক্তরাষ্ট্রের এ-১০ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, এফ-১৫ যুদ্ধবিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং অন্য বিমানসেনা এখনও নিখোঁজ। নিখোঁজ ওই সেনার সন্ধানে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের পাহাড়ি এলাকার অনেক উঁচু দিয়ে চক্কর দিচ্ছে।
মার্কিন বিমানবাহিনীর একজন সাবেক প্যারারেসকিউ জাম্পার কমান্ডার জানিয়েছেন, ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্র খুব দ্রুত কাজ করছে। ইরানে ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে এলাকা চষে বেড়াবে সুইস আর্মি নাইফ।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এ কমান্ডার বলেন, যদি উদ্ধারের লক্ষ্যবস্তু এমন কোনো এলাকায় থাকে যেখানে হেলিকপ্টার পৌঁছাতে পারে না, তাহলে প্যারারেসকিউয়াররা বিমান থেকে স্থলপথে হেঁটে উদ্ধার অভিযান চালাবে।
মাটিতে নামার পর প্যারারেসকিউ জাম্পারদের লক্ষ্য থাকে নিখোঁজ ক্রু সদস্যের সাথে যোগাযোগ করা। প্রয়োজনে চিকিৎসাগত সহায়তা প্রদান করা, শত্রুকে এড়িয়ে যাওয়া বা প্রতিহত করা এবং এমন একটি স্থানে পৌঁছানো যেখান থেকে তাদের উদ্ধার করা সম্ভব।

এই কমান্ডার বলেন, ‘এই প্যারারেস্কিউ সদস্যদের বিমানবাহিনীর ‘সুইস আর্মি নাইফ’ বলা হয়। তাদের কাজকে ‘ভয়াবহ এবং অত্যন্ত বিপজ্জনক’ বলা হলেও কম বলা হবে।
এদিকে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও বিধ্বস্ত বিমানের ক্রকে খুঁজে বের করার অভিযান শুরু করেছে। একইসঙ্গে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে একটি ইরানি টেলিভিশন চ্যানেল।

চ্যানেলের সংবাদ উপস্থাপক এক ঘোষণায় বলেন, ‘সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের নাগরিকেরা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, আপনাদের মূল্যবান পুরস্কার দেয়া হবে।’ #















