ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দী এলাকাট ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোয়ারকান্দী এলাকায় ফরিদপুরগামী চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার চেষ্টা করে।
এ সময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইককে দ্রুতগতিতে আসতে দেখে চালক নিয়ন্ত্রণ হারান, এতে বাসটি সড়কের ডান পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করেন এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হন। তবে কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #















