BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশ চালানোর অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে : তারেক রহমান

দেশ চালানোর অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে : তারেক রহমান

ঢাকা প্রতিনিধি: দেশ ও দেশের মানুষকে নিয়ে সঠিক কর্মপরিকল্পনা একমাত্র বিএনপিরই আছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, তার মধ্যে দেশ চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে। শুধু অভিজ্ঞতাই নয়, একই সঙ্গে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির সঠিক কর্মপরিকল্পনা ও কর্মসূচি রয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল পীরজঙ্গি মাজার প্রাঙ্গণে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত।

দেশের মানুষ ভালো থাকলে বিএনপি ভালো থাকে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আমরা বিদেশ থেকে বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাব এবং দেশে কল-কারখানা তৈরির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করব।

নারীদের ক্ষমতায়ন ও গৃহিণীদের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, যার ফলে গত ২০ বছরে কোটি কোটি মেয়ে শিক্ষার আলো পেয়েছে।

আগামী বিএনপি সরকার ওই মেয়েদের, যারা এখন মা হয়েছেন বা গৃহিণী—তাদের প্রতি মাসে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেবে। আমরা বিশ্বাস করি, এই সহায়তায় প্রতিটি পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হবে।

প্রবাসীদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থার কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিদেশে যাওয়ার আগে অনেক যুবককে ভিটেমাটি বা জমি বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রবাসগামীদের আমরা জমি বিক্রি করতে দেব না।

সরকারের পক্ষ থেকে তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে।

স্বাস্থ্যখাত ও ইমাম-মুয়াজ্জিনদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা কৃষকদের জন্য ‘হেলথ কার্ড’ চালু করতে চাই। এছাড়া সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যারা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। পাশাপাশি সমাজের শ্রদ্ধেয় ইমাম, মুয়াজ্জিন ও ধর্মগুরুদের জন্য সরকারিভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে।

আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে এবং দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হয়েছে।

আগামীতে বিএনপি সরকার গঠন করলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা দিন-রাত নিরাপদে চলাচল করতে পারবেন এবং ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করতে পারবেন। দুর্নীতিবাজ ও অপরাধী যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসকে পরিচয় করিয়ে দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, মির্জা আব্বাস এই এলাকারই সন্তান। তিনি সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলেন। আগামী ১২ তারিখের নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নির্বাচিত হলে এই এলাকার জলাবদ্ধতা নিরসন, খেলার মাঠ তৈরি এবং কবরস্থানের সমস্যার সমাধান করা হবে।

সমাবেশে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তৃতার শেষে তারেক রহমান ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ