বিটিসি স্পোর্টস ডেস্ক: ফিনিশিংয়ে সুবিধা করতে পারলেন না আক্রমণ ও মাঝমাঠের কেউ। দলের প্রয়োজনে এগিয়ে এলেন উইলিয়াম সালিবা ও ইউরিয়েন টিম্বার। দুই ডিফেন্ডারের গোলে চেলসিকে হারিয়ে দিল আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে বেশ খানিকটা সময় ১০ জন নিয়ে খেলা চেলসিকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
আসরে প্রথম দেখায় গত নভেম্বরে চেলসির মাঠে ঘুরে দাঁড়িয়ে ১-১ ড্র করেছিল আর্সেনাল। এবার আর কোনো ভুল করেনি তারা।
ম্যানচেস্টার সিটির চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মিকেল আর্তেতার দল। সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
২৯ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৮ ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৫৯।
তিন ও চার নম্বর দল ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার পয়েন্ট সমান ৫১ করে।
পজেশন রাখায় পিছিয়ে থাকলেও, বেশিরভাগ সময় আক্রমণে আধিপত্য করে আর্সেনাল। যদিও প্রথমার্ধে প্রতি পক্ষকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি তারা। এই অর্ধে কেবল দুটি প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারে দলটি, তার প্রথমটিতে কিছুটা ভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় তারা।
২১তম মিনিটে কর্নারে গাব্রিয়েল মাগালিয়াইসের হেড পাস গোলমুখে পেয়ে হেড করেন সালিবা, বল গোললাইনের সামনে চেলসির ডিফেন্ডার মামাদুর গায়ে লেগে জালে জড়ায়।
এবারের লিগে এই নিয়ে নবমবার কর্নার থেকে গোল করে ম্যাচে এগিয়ে গেল আর্সেনাল।
একটু পরই অবশ্য ভাগ্যের অন্য রূপ দেখে আর্সেনাল। প্রথমার্ধের যোগ করা সময়ে দলটি করে বসে আত্মঘাতী গোল।
এর আগের মিনিটেই অবশ্য গোল খেতে পারতো তারা; কর্নারে ডেক্লান রাইসের বাহুতে লেগে বল যাচ্ছিল জালে, অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠান দাভিদ রায়া।
ওই কর্নারে বল হেডে ক্লিয়ার করার চেষ্টা করেন তাদের ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ের; কিন্তু বল চলে যায় জালে। কিছুই করার ছিল না গোলরক্ষক রায়ার।
দ্বিতীয়ার্ধে আক্রমণে জোর দেয় চেলসি। এতে জমে ওঠে লড়াই। যদিও আরেকটি গোলের অপেক্ষা আর শেষ হয়নি তাদের।
উল্টো ৬৬তম মিনিটে আবার সেট পিস থেকেই দ্বিতীয়বার এগিয়ে যায় আর্সেনাল। রাইসের কর্নারে হেডে গোলটি করেন ডাচ ডিফেন্ডার টিম্বার।
কিছুক্ষণের মধ্যে চেলসির আবার ঘুরে দাঁড়ানোর আশায় বড় চোট লাগে। তিন মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো।
একজন কম নিয়েও বেশ আত্মবিশ্বাসী ফুটবল খেলে চেলসি। গোলের জন্য মরিয়া চেষ্টা করতে থাকে তারা। যোগ করা সময়ে দারুণ একটি সুযোগও তৈরি হয়। আলেহান্দ্রো গার্নাচোর শটে বল এক ড্রপে একটু বাঁক নিয়ে জালে জড়াতে যাচ্ছিল, অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রায়া।
প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর এবার হেরে গেল চেলসি। আসরে এটা তাদের সপ্তম পরাজয়। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে দলটি।
তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল। #















