টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গেবিন্দাসী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা যায়, গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে গোবিন্দাসী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাইফ এন্টারপ্রাইজ এর ভেতর অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও তেল অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা এবং মাসুদ মেশিনারীজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুদ রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআই এর সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাব্বির রহমানসহ গণমাধ্যমকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #















