BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণের ঢাল হিসেবে কাজ করার অঙ্গীকার ক্যাবের 

জনগণের ঢাল হিসেবে কাজ করার অঙ্গীকার ক্যাবের 

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাদের অধিকার রক্ষায় মাঠপর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

দুর্নীতি, বাজার সিন্ডিকেট, খাদ্যের মান, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধসহ প্রতিটি ক্ষেত্রে জনগণের ঢাল হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন ক্যাবের সভাপতি এএইচএম সফিকুজ্জামান।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার ক্যাব নেতারা অংশ নেন।

ক্যাব সভাপতি বলেন, আমরা সরকারের মুখপাত্র নই— আমরা জনগণের প্রতিনিধি। দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে আরও শক্তভাবে কাজ করব।

বাজারে খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধে ক্যাব আরও কার্যকর উদ্যোগ নেবে জানিয়ে তিনি বলেন, খোলা তেল ভোক্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে ভেজাল মেশানোর সুযোগ থাকে। ব্যবসায়ীকে প্যাকেটজাত তেল বিক্রিতে উৎসাহিত করতে হবে, আর ভোক্তাকেও সচেতন হতে হবে।

কৃষিক্ষেত্রে অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, কৃষিঋণ প্রকৃত কৃষকের হাতে পৌঁছায় কি না তা তদন্ত করা জরুরি। রাজশাহীতে একটি নির্দিষ্ট সিন্ডিকেট ঋণ বিতরণ নিয়ন্ত্রণ করছে, ফলে কৃষক ঋণ পাচ্ছে না; উচ্চ সুদের দাদনের ওপর নির্ভর করতে হচ্ছে।

তিনি আরও বলেন, আলুর বাজারে বিশৃঙ্খলা, ভেজাল বীজ, সার সিন্ডিকেট, পরিবহনে চাঁদাবাজি—এসব সমস্যা বহু পুরোনো। শুধু পরিচয় দিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলে হবে না, ক্যাবকে মাঠে নামতে হবে, যোগ করেন তিনি।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বড় করপোরেট ও অসংখ্য অদৃশ্য শক্তি সক্রিয় থাকায় সিন্ডিকেট ভাঙা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন সফিকুজ্জামান।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় দাম বাড়ানোর চেষ্টা করতে পারে। প্রশাসন ও ক্যাবকে যৌথভাবে মনিটরিং বাড়াতে হবে।

সরকারি চাকরিজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আগে সরকারি সীমাবদ্ধতা ছিল, এখন নেই। ক্যাবের মাধ্যমে মানুষের অধিকার নিয়ে আরও দৃঢ়ভাবে কাজ করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, ক্যাব জনস্বার্থে কাজ করছে বলেই জনগণ তাদের রিপোর্ট দ্রুত বিশ্বাস করে। খাদ্যের নিরাপত্তা ও বাজার স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাব কার্যকর ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ভোক্তা অধিদফতর, বিএসটিআই, কৃষি বিভাগ, ওষুধ প্রশাসনের পাশাপাশি ক্যাব মাঠপর্যায়ে কাজ করায় ভোক্তা সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হচ্ছে।

কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি বলেন, আমরা সবাই ভোক্তা। তাই নিজের অধিকার রক্ষায় সচেতন হওয়া সবচেয়ে জরুরি। অসাধু ব্যবসায়ীর দৌরাত্ম্য রোধে সরকারি উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি জনগণের সতর্কতাও গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে বিভাগের আট জেলার ক্যাব সভাপতি, সম্পাদক, সদস্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। খাদ্যের গুণগত মান নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন গেইন প্রকল্পের সমন্বয়কারী লাইলুন নাহার।

ক্যাবের এ উদ্যোগ ভোক্তা অধিকার রক্ষায় মাঠপর্যায়ে নতুন গতি আনবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার