BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চেন্নাই নয়, পাঠানের চোখে আইপিএল ইতিহাসের সেরা দল মুম্বাই

চেন্নাই নয়, পাঠানের চোখে আইপিএল ইতিহাসের সেরা দল মুম্বাই

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই দলই শিরোপা জিতেছে রেকর্ড পাঁচবার করে। চেন্নাই সুপার কিংস রানার্স আপও হয়েছে পাঁচবার। মুম্বাই ইন্ডিয়ান্স সেখানে ফাইনাল খেলেছে মোটে আর একবারই।

পরিসংখ্যান তাই বলবে, আইপিএল ইতিহাসের সেরা দল চেন্নাই সুপার কিংস। কিন্তু ইরফান পাঠান একটু এগিয়ে রাখছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে।

সেটির পেছনের কারণও ব্যাখ্যা করেছেন সাবেক ভারতীয় পেসার।

এমনিতে দুই দলকে আলাদা করা কঠিন, সেটি বলেছেন পাঠানও। এই দুই দলের মধ্যে কোনো একটিকে বেছে নিলেই যে বিতর্কের অবকাশ থাকবে, তা তুলে ধরেছেন আইপিএলে ১০৩ ম্যাচ খেলা ক্রিকেটার।

“আইপিএলের শ্রেষ্ঠ দল হিসেবে চেন্নাই ও মুম্বাইয়ের একটিকে বেছে নেওয়ার ব্যাপারটি সবসময়ই বিতর্কের খোরাক জোগাবে। চেন্নাই (শিরোপা) জিততে শুরু করেছে ২০১০ সালের সময়টা থেকে।

২০১০ ও ২০১১ সালে তারা পিঠেপিঠি ট্রফি জিতেছে এবং টানা শিরোপা জয়ের প্রথম নজির গড়েছে। মুম্বাই জিততে শুরু করেছে ২০১৩ সাল থেকে এবং এরপর তারা এক মৌসুম পরপরই জিততে থাকে। ২০১৯ ও ২০২০ সালে টানা ট্রফি জিতেছে তারা।”

ট্রফি জয়ে দুই দল সমতায় থাকলেও ধারাবাহিকতায় চেন্নাই এগিয়ে। দুটি আসরে নিষিদ্ধ থাকার পরও রেকর্ড ১০ বার ফাইনালে খেলেছে তারা, প্লে-অফে উঠেছে রেকর্ড ১২ বার।

মুম্বাই ফাইনালে খেলেছে ৬ বার, সব আসরে অংশ নিয়ে প্লে-অফে পৌঁছেছে ১১ বার। টুর্নামেন্টের ইতিহাসে সামগ্রিক জয়-পরাজয়ের অনুপাতেও সেরা চেন্নাই।

তবে পাঠান মুম্বাইকে এগিয়ে রাখছেন আরেক জায়গায়, যেটি ছাড়িয়ে গেছে আসলে আইপিএল সাফল্যের সীমানা।

“মুম্বাইয়ের যে ব্যাপারটা আমার ভালো লাগে, তা হলো ভারতীয় ক্রিকেটে তাদের অবদান। তারা ভারতীয় দলের জন্য যে পরিমাণের ম্যাচ জেতানো ক্রিকেটারের জোগান দিয়েছে, তা এককথায় অসাধারণ। ভাবতে পারেন, এটা কীভাবে সম্ভব! প্রথমত, নিজের ফ্র্যাঞ্চাইজিকে এতটা বড় করতে হবে।

দ্বিতীয়ত, আপনার হাতে থাকা দল দিয়েই ভালো ফল এনে দিতে হবে। এমনকি এখনও, গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের একটি দুর্দান্ত স্কোয়াড ছিল যারা সহজেই ট্রফিটা জিততে পারত, কিন্তু বিভিন্ন কারণে পারেনি।”

মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে পরে ভারতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন রোহিত শার্মা, সুরিয়াকুমার ইয়াদাভ, ও হার্দিক পান্ডিয়া। এছাড়াও সাচিন টেন্ডুলকার, হারভাজান সিংয়ের মতো ক্রিকেটাররা মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। সামগ্রিকভাবে আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির অবদান বেশিই দেখেন পাঠান।

“চেন্নাইয়ের চারজন ভারতীয় অধিনায়ক নেই, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের আছে। সেই দিক থেকে, দল গঠন করা এবং একটি বৃহত্তর লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে, আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ান্সই সর্বশ্রেষ্ঠ আইপিএল দল।

আমি জানি চেন্নাই সবসময় নিজেদেরকে সবার ওপরে রাখবে, কারণ তারাও পাঁচটি ট্রফি জিতেছে। এতে কোনো সন্দেহ নেই। এই নিয়ে বিতর্ক সবসময়ই থাকবে এবং এটি একটি ন্যায্য বিতর্ক।”

“কিন্তু আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে থাকবে, কারণ তারা ভারতীয় ক্রিকেটকে অনেক চমৎকার ক্রিকেটার এবং তরুণ প্রতিভা উপহার দিয়েছে।”

এবার শিরোপা জিতে ট্রফির সাফল্যেও এগিয়ে যাওয়ার হাতছানি আছে দুই দলের সামনে। আগামী শনিবার শুরু এবারের আইপিএল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ