BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চিকিৎসক হয়ে কথা রাখলেন দক্ষিণী তারকা শ্রীলীলা

চিকিৎসক হয়ে কথা রাখলেন দক্ষিণী তারকা শ্রীলীলা

বিটিসি বিনোদন ডেস্ক: পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন আনুষ্ঠানিকভাবে একজন চিকিৎসক।

সম্প্রতি তাঁর এমবিবিএস ডিগ্রি লাভের খবর এবং সমাবর্তন অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের বেশ কিছু অদেখা ছবি শেয়ার করে শ্রীলীলা আবেগঘন একটি বার্তা দিয়েছেন। তিনি লেকেন, এটি কেবল একটি মাইলফলক নয়, বরং একটি দীর্ঘ পথচলা।

এই পবিত্র স্থানটি ছিল আমার এমন এক আশ্রয় যেখানে আমি শুধু নিজের মতো থাকতে পারতাম। তোমাদের মেয়ে তার কথা রেখেছে।

তিনি আরও যোগ করেন, এটি কেবল একটি ডিগ্রির বিষয় ছিল না; এটি ছিল আমার বেড়ে ওঠা, বিশ্বাস, চোখের জল আর ঘুরে দাঁড়ানোর গল্প। আমার পরিবার, বন্ধু এবং কাজের জগতের সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, বিশেষ করে যারা আমার পরীক্ষার সময় শিডিউল সামলে নিয়ে পাশে দাঁড়িয়েছেন।

ভাইরাল হওয়া ছবিগুলোতে শ্রীলীলাকে মেরুন রঙের সমাবর্তন পোশাকে হাস্যোজ্জ্বল মুখে ডিগ্রি গ্রহণ করতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে নাম ডাকার পর ডিগ্রি নিয়ে নেমে এসে তিনি আবেগপ্লুত হয়ে পরিবারকে জড়িয়ে ধরছেন।

২০২০ ব্যাচের এই শিক্ষার্থীরা এখন আনুষ্ঠানিকভাবে ডাক্তার হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাদের চোখে-মুখে ছিল বাঁধভাঙা আনন্দ। বার্তা শেষে অভিনেত্রী নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দিয়ে লেখেন, ইতি, আপনাদের প্রিয় ডক্টর শ্রীলীলা।

২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এক তেলুগু পরিবারে জন্ম নেয়া শ্রীলীলা বেড়ে উঠেছেন বেঙ্গালুরুতে।

তাঁর মা স্বর্ণলতা নিজেও বেঙ্গালুরুর একজন প্রথিতযশা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মায়ের পদাঙ্ক অনুসরণ করেই শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানকে বেছে নিয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে ‘পুষ্পা ২’ সিনেমার জনপ্রিয় গান ‘কিসিক’-এ নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভারতজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ২০১৭ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ২০১৯ সালে কন্নড় সিনেমা ‘কিস’-এর মাধ্যমে নায়িকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে।

পেশাদার জীবনে শ্রীলীলার হাতে এখন বড় বড় সব প্রজেক্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পবন কল্যাণের বিপরীতে তেলুগু ছবি ‘উস্তাদ ভগত সিং’।

তামিল ভাষায় শিব কার্তিকেয়নের সঙ্গে সুধা কোঙ্গারা পরিচালিত ‘পরাশক্তি’, যা গত ১০ জানুয়ারিতে মুক্তি পেয়েছে। পাশপাশি, কার্তিক আরিয়ানের বিপরীতে একটি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ