মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা লেগে আশিক (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু আলামিন (৩২)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দিকে টাঙ্গাইল-ঘিওর-বরংগাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক টাঙ্গাইলের নাগরপুর থানার মামুদনগর ইউনিয়নের কাটিগ্রামের মওলা মিয়ার ছেলে।
তিনি কলিয়া কারিগরি স্কুল অ্যাণ্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পড়াশোনার পাশাপাশি তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন। আহত আলামিন ঝিনাইদহের শৈলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে। তিনিও পেশায় টাইলস মিস্ত্রি। কাজের সুবাদে তারা দীর্ঘদিনের বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে নাগরপুর থেকে বরংগাইল বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। পথে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং সজোরে রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই চালক আশিক মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তসহ এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #


