বিটিসি স্পোর্টস ডেস্ক: জেমি গিটেন্সকে সহসা ফিরে পাচ্ছে না চেলসি। ইংলিশ ক্লাবটির কোচ লিয়াম রোসেনিয়ার জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে এই ইংলিশ উইঙ্গারকে।
প্রিমিয়ার লিগে গত শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে চেলসির ৩-২ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন গিটেন্স।
কোচ রোসেনিয়ার বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ২১ বছর বয়সী এই ফুটবলারের হ্যামস্ট্রিং পেশি ছিঁড়ে গেছে।
চোট সমস্যায় থাকা চেলসির আট খেলোয়াড়ের একজন গিটেন্স। আক্রমণভাগের আরেক খেলোয়াড় পেদ্রো নেতোও আছেন এই তালিকায়।
গিটেন্সের এই চোট চেলসির জন্য আরেক ধাক্কা। গত মঙ্গলবার লিগ কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের বিপক্ষে হেরে তাদের পাঁচ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়েছে।
নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে তারা।
লিগে সবশেষ তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে চেলসি। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও পৌঁছে গেছে তারা। #















