খুলনা ব্যুরো: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আবারও এক শিশুর মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে হাম সংক্রমণ বাড়তে থাকায় এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে চান (১ বছর ১১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়। শিশুটি কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাসিন্দা গোলাম রসুল ও ইয়াসমিন দম্পতির সন্তান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়। হামজনিত জটিলতা ও অপুষ্টির কারণে তার মৃত্যু হয়।
শিশুটির বাবা বলেন, সন্তানকে বাঁচাতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি।
শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন জানান, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল এবং সে কোনো টিকা পায়নি।
এর আগে ৯ এপ্রিল একই হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে ১০ মাস বয়সী শামীম নামের আরেক শিশুর মৃত্যু হয়। #















