BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনা বিভাগে হামের সংক্রমণ বেড়ে ২৯৩, ২৪ ঘণ্টায় নতুন ৫৬, মৃত্যু ২

খুলনা বিভাগে হামের সংক্রমণ বেড়ে ২৯৩, ২৪ ঘণ্টায় নতুন ৫৬, মৃত্যু ২

খুলনা ব্যুরো: খুলনা বিভাগে হামের (মিজেলস) প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে সন্দেহভাজন রোগীর সংখ্যা, যার ফলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে শঙ্কা।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫৬ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হওয়ায় মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩ জনে। একই সময়ে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা এখন ২।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শুক্রবার যেখানে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ছিল ২৩৭ জন, সেখানে একদিনের ব্যবধানে ৫৬ জন নতুন রোগী যুক্ত হয়েছে। নতুন সন্দেহভাজনের সংখ্যাও বেড়েছে ৪৩ থেকে ৫৬-এ, যা সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতা স্পষ্ট করছে।

জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কুষ্টিয়া বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জেলাটিতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ১০৩ জন, যা বিভাগের সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে ১২ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং মোট বৃদ্ধি হয়েছে ১৮ জন। খুলনা বিভাগের একমাত্র মৃত্যুর ঘটনাও কুষ্টিয়ায় ঘটেছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ও শনিবার দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে একজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে।

কুষ্টিয়ার পাশাপাশি আরও কয়েকটি জেলায় সংক্রমণ দ্রুত বাড়ছে। যশোরে মোট ৫৯ জনের মধ্যে নতুন ৫ জন, খুলনা সিটি করপোরেশন এলাকায় মোট ৫৩ জনের মধ্যে নতুন ৬ জন, ঝিনাইদহে মোট ১৮ জনের মধ্যে নতুন ১২ জন, নড়াইলে নতুন ৭ জনসহ মোট ১২ জন এবং সাতক্ষীরায় মোট ১৬ জনের মধ্যে নতুন ১৩ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে।

অন্যদিকে কিছু জেলায় সংক্রমণ তুলনামূলক কম থাকলেও নতুন রোগী শনাক্ত হচ্ছে। মাগুরায় মোট ১৭ জনের মধ্যে নতুন ৫ জন, চুয়াডাঙ্গায় মোট ৬ জনের মধ্যে নতুন ৩ জন, বাগেরহাটে মোট ৬ জনের মধ্যে নতুন ২ জন, মেহেরপুরে মোট ৪ জনের মধ্যে নতুন ২ জন এবং খুলনা জেলায় মোট ৫ জন সন্দেহভাজন রোগী রয়েছে।

তথ্য বিশ্লেষণে স্পষ্ট, সংক্রমণ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। যদিও মৃত্যুর সংখ্যা এখনো সীমিত, তবুও এটি পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে তুলছে। বিশেষ করে কিছু ক্ষেত্রে নমুনা সংগ্রহ সম্ভব না হওয়া স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতার দিকটি সামনে আনছে।

খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, হামের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে, বিশেষ করে শিশুদের মধ্যে। তাই দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্তদের শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।

সব মিলিয়ে খুলনা বিভাগে হামের বিস্তার এখন একটি সতর্ক সংকেত হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে কুষ্টিয়া, যশোর ও খুলনা সিটি করপোরেশন এলাকায় পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই প্রাদুর্ভাব আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী