খুলনা ব্যুরো: খুলনা মহানগরে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশের একটি দল, মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমন হাওলাদার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতেই কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইমন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ মোট ৭টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে নজরদারিতে রাখা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কেএমপি মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। #















