খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) একটি বিশেষ টহল দল বৌদ্ধমণি পাড়া এলাকার কাঁঠালতলী যাত্রীছাউনির কাছে অবস্থান নেয়।
নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত সড়ক দিয়ে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় সন্দেহভাজনরা মোটরসাইকেল ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যান।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৭.৬২ মিমি এসএমজির ১৪০০ রাউন্ড গুলি এবং পরিত্যক্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল বিওপিতে নেওয়ার পথে শতাধিক লোক টহল দলকে ঘিরে ধরার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক কৌশল ও সাহসিকতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অতিরিক্ত টহল দল ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে দুষ্কৃতকারীরা সরে পড়ে।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #















