বিটিসি স্পোর্টস ডেস্ক: লিগ কাপের শিরোপা হারানোর পর, প্রথম মাঠে নামতে যাচ্ছে আর্সেনাল। আর ওই ফাইনালে যার ভুলে পথ হারিয়েছিল দল, সেই গোলরক্ষক কেপা আরিসাবালাগাকেই আসছে এফএ কাপ ম্যাচে খেলানোর সিদ্ধান্ত জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে গত ২২ মার্চ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শুরুটা বেশ ভালোই করে আর্সেনাল; কিন্তু দ্বিতীয়ার্ধে আরিসাবালাগার ব্যর্থতায় পিছিয়ে পড়ে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি, হেরে যায় ২-০ গোলে।
ওই ভুলের জন্য আরিসাবালাগা তো বটেই, দলের মূল গোলরক্ষক দাভিদ রায়াকে বেঞ্চে রেখে তাকে খেলানোয় কোচ আর্তেতাও প্রশ্নের মুখে পড়েন। তবে নিজের সিদ্ধান্তে কোনো ভুল দেখছেন না তিনি, সেদিনও একই কথা বলেছিলেন কোচ।
এবারের প্রিমিয়ার লিগে একটি ম্যাচেও সুযোগ পাননি স্প্যানিশ গোলরক্ষক আরিসাবালাগা। লিগের সব ম্যাচেই তার স্বদেশি রায়াকে খেলান কোচ। তবে, লিগ কাপ ও এফএ কাপের প্রতিটি ম্যাচে ৩১ বছর বয়সী আরিসাবালাগাকে খেলিয়েছেন আর্তেতা।
সেই ধারাবাহিকতায় সাউথ্যাম্পটনের বিপক্ষে এফএ কাপ কোয়ার্টার-ফাইনালেও আরিসাবালাগাকেই খেলাতে চান কোচ।
“সে খেলতে প্রস্তুত। একজন খেলোয়াড় একটা ভুল করেছে, তার ওপর ভিত্তি করে আমি কখনও বিচার করি না বা সিদ্ধান্ত নিই না… ভুল ফুটবলের অংশ এবং যে কেউ সেটা করতে পারে।”
“তার (বাড়তি সমর্থন) প্রয়োজন কিনা, আমি জানি না; যদিও তার প্রতি সেটা আছে। আমাদের সবার সমর্থন আছে। তার সতীর্থদের থেকে, এরপর আমার, সকল স্টাফ এবং আশা করি, আমাদের সমর্থকদেরও সমর্থন আছে।”
ম্যাচটি হবে সাউথ্যাম্পটনের মাঠে। বাংলাদেশ সময় শনিবার রাত একটায় শুরু হবে লড়াই। #















