লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় মেঘ-বৃষ্টি দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো: ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে এবং তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের তিস্তা নদীর চরে ইউসুফ আলীসহ কয়েকজন খেত থেকে ভুট্টা ওঠানোর কাজ করছিলেন। আকাশে হঠাৎ মেঘ জমে দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন ইউসুফ। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি মৃতের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #















