উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ঘুষিতে চাচার নিহত হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) চাউলাহার গ্রামের বাসিন্দা আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিষ্টি কুমড়োর গাছ ছাগলে খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছেলে আকতার হোসেন ঘটনাস্থলে এসে চাচা সেকেন্দার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মুহা. রকিবুল ইসলাম বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #















